জাতীয় টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা উপহার দিয়েছে চীন। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করা হয়। চীনের শীর্ষস্থানীয় টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ মোট ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ টিকা বাংলাদেশ সরকারকে প্রদান করেছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এই টিকার চালান হস্তান্তর করেন সিনোভ্যাকের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেকের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক বন্ধু। সংকটের এই সময়ে টিকা উপহার দিয়ে তারা আবারও বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।” বর্তমানে পোলিও ও যক্ষ্মাসহ বিভিন্ন রোগের টিকার কোনো ঘাটতি নেই এবং টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে বলেও তিনি জানান।
আসন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী বলেন, হামের টিকার ব্যবস্থা হলেও ডেঙ্গু, পোলিও ও হান্টavirus-এর মতো রোগগুলো এখন বড় দুশ্চিন্তার কারণ। এগুলো মোকাবিলা করা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। ইতোমধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। যারা বাকি আছে তাদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে। এছাড়া খুব শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে এবং ডেঙ্গু রোগীদের জন্য ফিল্ড হাসপাতালের সংখ্যা বাড়ানো হবে।
সিনোভ্যাক বায়োটেকের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং বলেন, “বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশীদার হতে পেরে সিনোভ্যাক গর্বিত। আমাদের উৎপাদিত ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ড অনুযায়ী তৈরি। আমরা আশা করি, এই টিকা বাংলাদেশের শিশুদের সুরক্ষা নিশ্চিত করবে এবং দেশ থেকে পোলিও নির্মূলে বড় ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপহারের এই ৭৬,৬১৬ ভায়াল টিকা ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী বিভিন্ন টিকাদান কেন্দ্রে এগুলো পাঠানো হবে। উল্লেখ্য, সিনোভ্যাকের তৈরি এই ইনঅ্যাক্টিভেটেড পোলিও টিকা ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক-যোগ্যতা (Pre-qualification) অর্জন করে। বৈশ্বিক পোলিও নির্মূল প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই টিকা সরবরাহ করে আসছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন এবং ইপিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হোআং মৌচং এবং সিনোভ্যাকের ইন্টারন্যাশনাল রেগুলেটরি প্রধান ওয়াং পোং।
