আপনার রক্তের গ্রুপই কি আপনার স্ট্রোকের ঝুঁকি নির্ধারণ করে? আপাতদৃষ্টিতে রক্তের গ্রুপের সাথে স্ট্রোকের সম্পর্ক নেই মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু গভীর সংযোগের ইঙ্গিত দিচ্ছেন। সাম্প্রতিক এক গবেষণা বলছে, রক্তের গ্রুপ জানা থাকলে কোনো ব্যক্তির স্ট্রোকের আশঙ্কা কতটুকু, সে সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের একদল গবেষক এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। প্রায় ১৭ হাজার স্ট্রোক আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছেন, যাদের রক্তের গ্রুপ ‘এ’ (A), তাদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। বিপরীতে, যাদের গ্রুপ ‘ও’ (O), তারা তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছেন।
গবেষণার পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ গ্রুপের ব্যক্তিদের স্ট্রোকের আশঙ্কা সাধারণের চেয়ে ১৬ শতাংশ বেশি। অন্যদিকে, ‘ও’ গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ১২ শতাংশ কম। বাকি গ্রুপগুলোর ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে, তবে তা ‘এ’ গ্রুপের মতো এতোটা আশঙ্কাজনক নয়। এছাড়া গবেষণায় দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ ‘এবি’ (AB), তাদের টিউবারকিউলোসিস ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়াসহ স্মৃতিভ্রংশের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
নিউরোলজিস্ট স্টিভেন কিটিনার এই গবেষণার অন্যতম প্রধান গবেষক। তিনি জানান, ‘এ’ গ্রুপের মানুষের কেন ঝুঁকি বেশি, তার সুনির্দিষ্ট কারণ এখনো রহস্যময়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই গ্রুপের রক্তে জমাট বাঁধার প্রবণতা হয়তো অন্যদের তুলনায় বেশি, যা স্ট্রোকের পথ প্রশস্ত করে।
চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মতো বিষয়গুলো মস্তিষ্কের ধমনীতে রক্ত চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত করে দেয়। যখন ধমনীতে রক্ত জমাট বাঁধে, তখন মস্তিষ্কের কোষগুলো প্রয়োজনীয় অক্সিজেন পায় না। অক্সিজেনের এই ঘাটতিই শেষ পর্যন্ত কোষগুলোকে নিস্তেজ করে দেয় এবং ব্রেন স্ট্রোক ঘটায়।
তবে রক্তের গ্রুপ যা-ই হোক না কেন, বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ে কঠোর নজর দিতে বলছেন। স্ট্রোকের ঝুঁকি এড়াতে রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি ওজন স্বাভাবিক রাখা এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কসরত বা হাঁটাচলা করার পরামর্শ দিয়েছেন তারা। রক্তের গ্রুপের সাথে স্ট্রোকের এই সম্পর্ক নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা হলে স্ট্রোক প্রতিরোধে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
